চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে এক আসামির পলায়ন
চট্টগ্রাম আদালত ভবন এলাকায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন সিএনজি অটোরিকশা চুরি মামলার এক আসামি। গতকাল রোববার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম আবু ইউসুফ (২৯)। ইউসুফ সিএনজি অটোরিকশা চুরির একটি মামলায় হাটহাজারী থানায় গ্রেপ্তার ছিলেন। তিনি নগরের পশ্চিম মাদারবাড়ি এলাকার মৃত শাহ আলমের ছেলে। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া বলেন, বিভিন্ন মামলার মোট নয়জন আসামিকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁদের মধ্যে অটোরিকশা চুরির মামলায় ইউসুফসহ ছয়জন আসামি ছিলেন। হাটহাজারী থানার সংশ্লিষ্ট জিআরওর কাছে নিয়ে যাওয়ার সময় কোনো এক ফাঁকে ইউসুফ কৌশলে পালিয়ে যান। ইউসুফকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে পরিদর্শক আবুল কাশেম বলেন, এতে কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছিল। আবু ইউসুফকে গত শনিবার একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় নগর থেকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।