চট্টগ্রাম আদালত ভবন চত্বর থেকে জামায়াত শিবিরের ৯ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবন চত্বর থেকে জামায়াত-শিবিরের নয়জন কর্মী-সমর্থককে পুলিশ গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে হাটহাজারীর নন্দীরহাট এবং নগরের বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজের অভিযোগ আনা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ উপলক্ষে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তৎকালীন চারদলীয় জোট সরকারের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আদালতে হাজির করা হয়। এই মামলার শুনানির দিন ধার্য থাকায় জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা গতকাল সকাল থেকে আদালত চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সংগঠনটির নয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া নয়জনের বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে, হাটহাজারীর নন্দীরহাটে সড়ক অবরোধ ও স্থাপনায় হামলার ঘটনায় তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে।