চট্টগ্রাম আদালত ভবনে বোমাতঙ্ক
চট্টগ্রাম আদালত ভবনের বিভিন্ন কক্ষে বোমা পুঁতে রাখার বিষয়টি মুঠোফোনে এক পুলিশ সদস্যকে জানান অজ্ঞাত এক ব্যক্তি। এরপর গতকাল সোমবার সকালে প্রায় দুই ঘণ্টা শ দুয়েক পুলিশ পুরো আদালত ভবনে তল্লাশি চালিয়েছে। শেষ পর্যন্ত কিছুই মেলেনি। পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার সকাল পৌনে আটটার দিকে এক পুলিশ সদস্যের মুঠোফোনে একটি কল আসে। এক ব্যক্তি খুব উদ্বিগ্ন কণ্ঠে চট্টগ্রাম আদালত ভবনের বিভিন্ন কক্ষ ও কয়েকটি স্থানে বোমা রাখার বিষয়টি জানান। তবে নিজের নাম-পরিচয় জানাতে অস্বীকৃতি জানান লোকটি। এরপর সকাল নয়টায় আদালত এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ।চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, পুলিশের বিশেষ শাখার সুইপিং দল (বোমা শনাক্তকারী) সকাল নয়টায় তল্লাশি শুরু করে। আদালত ভবনের সব কটি কক্ষ ও আইনজীবী ভবনে ব্যাপক তল্লাশি চালানো হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি। পরে গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলও অভিযানে যোগ দেয়। বেলা পৌনে ১১টায় আদালত ভবনে লোকজন প্রবেশ করতে দেওয়া হয়। রেজাউল মাসুদ আরও জানান, তথ্যদাতার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এর ব্যবহারকারী বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।