চট্টগ্রাম আদালতে আরও ১২২ সরকারি কৌঁসুলি নিয়োগ
চট্টগ্রাম আদালতে আরও ১২২ সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর স্বাক্ষরিত চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে আদালতে এসে পৌঁছায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, আদালতে মামলা পরিচালনা করার জন্য ১২২ সরকারি কৌঁসুলি নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের সলিসিটির স্বাক্ষরিত চিঠিগুলো এসে পৌঁছেছে। কয়েক দিনের মধ্যে নিয়োগ পাওয়া ব্যক্তিরা যোগদান করবেন। তিনি আরও বলেন, অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর পদে ১৬ জন, সহকারী পাবলিক প্রসিকিউটর পদে ২৫ জন, অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর পদে ১৪ জন, সহকারী পাবলিক প্রসিকিউটর পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত গভর্নমেন্ট প্লিডার (এজিপি) পদে আটজন এবং সহকারী এজিপি পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।