চট্টগ্রাম আদালতে নিরাপত্তা জোরদার
চট্টগ্রাম আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে অতিরিক্ত ১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালত ভবনের প্রবেশমুখে তল্লাশিচৌকিও বসানো হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, ২০-দলীয় জোটের ডাকা অবরোধে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আদালত একটি স্পর্শকাতর জায়গা। তাই বাড়তি সতর্কতামূলকভাবে আদালতের প্রবেশমুখ, বিচারকদের এজলাস, হাজতখানাসহ পুরো এলাকায় বাড়তি ১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী ও তাঁদের স্বজনেরা আসেন। এ জন্য আদালতের দুটি প্রবেশমুখে তল্লাশিচৌকি বসানো হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম আদালত ভবনে ২০০৫ সালের ১৭ আগস্ট, একই বছরের ৩ অক্টোবর ও ২৯ নভেম্বর বোমা হামলা চালায় জঙ্গিরা। এ ছাড়া কয়েক দফায় আদালতে বোমা হামলারও হুমকি দেওয়া হয় জঙ্গি পরিচয়ে।