নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদকের জামিন নামঞ্জুর
চট্টগ্রাম আদালতের প্রবেশমুখে ছাত্রলীগের অবস্থান, বিক্ষোভ
বেলা ২টা ৫ মিনিট। মঙ্গলবার। চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে আইনজীবী বদিউল আলম স্মারক ব্রিজের নিচে অবস্থান নেন ছাত্রলীগের অন্তত ২০০ জন নেতা-কর্মী। মুখে তাঁদের স্লোগান, ‘জেলের তালা ভাঙব, রনি ভাইকে আনব’। এ সময় আদালত চত্বরে কোনো গাড়ি ঢুকতে ও বের হতে দেননি তাঁরা। এ অবস্থায় আটকা পড়ে প্রিজন ভ্যানসহ অন্তত ৫০টি গাড়ি। দুর্ভোগে পড়েন বিচারপ্রার্থীসহ আইনজীবীরা।
চট্টগ্রাম আদালত ভবনের পাশেই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়। একই প্রবেশপথ ব্যবহার করেন দুটি কার্যালয়ের লোকজনসহ দর্শনার্থীরা। নেতা-কর্মীদের অবরোধের কারণে তাঁরাও ভোগান্তিতে পড়েন। আধা ঘণ্টা এ অবস্থা চলার পর অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার গাড়ি চলাচল শুরু হয়। অবশ্য গাড়ি চলাচল বন্ধ করে দিলেও হেঁটে যেতে কাউকে বাধা দেননি তাঁরা।
গত শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ দুই বছরের কারাদণ্ড দেন তাঁকে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়।
নুরুল আজিমের মুক্তির দাবিতে তাঁর অনুসারীরা গতকাল দুপুর ১২টা থেকে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার খবর আসে। এতে নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তাঁরা এক বিচারকের অপসারণও দাবি করেন। সমাবেশে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াছিন আরাফাত, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম প্রমুখ।
প্রিজন ভ্যানে আসামিদের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য গতকাল বেলা সোয়া দুইটায় বলেন, ‘হাজিরা শেষে আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। এখন সতর্ক অবস্থায় আছি, যাতে নিরাপদে কারাগারে পৌঁছানো যায়।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী আদালত ভবনের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এর মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি অসম্মান করা হয়েছে। কেউ অন্যায়ভাবে গ্রেপ্তার হলে আইনগতভাবে তা মোকাবিলা করতে হবে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘তারা না বুঝে এটি করেছে। বুঝিয়ে বলার পর রাস্তা থেকে সরে যায়।’
নগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াছিন আরাফাত বলেন, ‘নুরুল আজিমের মুক্তির দাবিতে আদালতের প্রবেশমুখে অবস্থান নিই। পরে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সরে যাই।’
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, নুরুল আজিমকে নির্দোষ ও প্রভাবিত হয়ে তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা জামিন আবেদন নামঞ্জুর করেন।
আসামির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বিচারিক হাকিম আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় তাঁরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করবেন।