চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকালে গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এই মেডিকেল কলেজের উদ্বোধন করেন।
টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী রোগীদের সেবাদানে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামের অনুষ্ঠানস্থল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিকনফারেন্সে যোগ দেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় তিনি বলেন, ‘আরও একটি মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ বলেন, ‘আর্মি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসাসেবার সুযোগ আরও বৃদ্ধি পাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভি, মোস্তাফিজুর রহমান ও সাবিহা মুসা এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর।
চট্টগ্রাম সেনানিবাসের ভেতরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষার্থী নিয়ে এই মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছে।