চট্টগ্রাম ইপিজেডে আগুনে পুড়েছে পাঁচ কুরিয়ারের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় অবস্থিত পাঁচটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও ডরমিটরিতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি গতকাল দুপুর ১২টার দিকে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় অবস্থিত পাঁচটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও ডরমিটরিতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি গতকাল দুপুর ১২টার দিকে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে আগুনে পাঁচটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও কর্মকর্তাদের ডরমিটরি পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, ইপিজেডের মূল ফটকের পাশে বর্গাকৃতির একতলা টিনশেড ভবনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে প্রথমে ডিএইচএলের কার্যালয়ে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এ টিনশেড ভবনে ডিএইচএল ছাড়াও আরামেক্স, ফিডেক্স, টিএনটি ও ইউপিএসের কার্যালয় রয়েছে। আগুনে এই পাঁচটি কার্যালয়ের মালামাল ও কাগজপত্র পুড়ে যায়।
সিইপিজেডের উপব্যবস্থাপক নাজমুল আলম প্রথম আলোকে বলেন, কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের পেছনের কক্ষগুলো বেপজার কর্মকর্তাদের ডরমিটরি হিসেবে ব্যবহৃত হয়। সেখানে প্রায় ২০ জন কর্মকর্তা থাকতেন। ঘটনার সময় তিনিসহ কয়েকজন টেলিভিশন দেখছিলেন। হইচই শুনে বের হয়ে দেখেন, কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে আগুন ডরমিটরিতেও ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বেলা পৌনে তিনটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পাঁচটি কুরিয়ার সার্ভিসের পাঁচটি কক্ষ এবং কর্মকর্তাদের ডরমিটরির ১৫টি কক্ষ পুড়ে যায়।
শিল্প পুলিশের অতিরিক্ত সুপার তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, সকালে টিনশেড ভবনটির পাশে আবর্জনা পোড়ানো হচ্ছিল। এ আগুন বৈদ্যুতিক তারে লেগে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ছড়িয়ে পড়ে।