চট্টগ্রাম ইপিজেডে পুড়ে গেছে অফিসার্স ডরমেটরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কাস্টমস গেটসংলগ্ন অফিসার্স ডরমেটরি ও পাঁচটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের অফিস পুড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কুরিয়ার সার্ভিস ডিএইচএল অফিসের কাছে ময়লা-আবর্জনা পোড়াতে আগুন দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুন টিনশেড ভবনে থাকা কুরিয়ার সার্ভিসের অফিস ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
সিইপিজেডের উপব্যবস্থাপক নাজমুল আলম (কমার্শিয়াল অপারেশন‍) প্রথম আলোকে বলেন, বর্গাকৃতির একতলা টিনশেড ভবনের সামনের দিকের কয়েকটি কক্ষে আরামেক্স, ইউপিএস, ফেডেক্স, ডিএইচএল ও টিএনটির কার্যালয়। আর পেছনের কক্ষগুলো বেপজার কর্মকর্তাদের ডরমেটরি হিসেবে ব্যবহৃত হয়। সেখানে প্রায় ২০ জন কর্মকর্তা থাকতেন। ঘটনার সময় তিনিসহ কয়েকজন ডরমেটরিতে টেলিভিশন দেখছিলেন। হইচই শুনে তাঁরা বাইরে বের হয়ে আসেন। এরপর দেখেন বাতাসের কারণে কুরিয়ার সার্ভিসের অফিসঘরে লাগা আগুন দ্রুত পেছন দিকে ডরমেটরিতে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে কর্মকর্তারা নিজেদের কক্ষে ঢুকতে পারছিলেন না। এর পরও কয়েকজন ঢুকে সামান্য কিছু জিনিস বের করতে পেরেছেন। তবে ডরমেটরি পুরোপুরিই পুড়ে গেছে।

নাজমুল আলম আরও জানান, কুরিয়ার সার্ভিসের অফিসঘরগুলোর বেশ কিছু মালামাল ও আসবাব পুড়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম সার্ভিসের উপসহকারী পরিচালক ইয়াহিয়া আকতার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।