চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছিলেন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) বিদেশি মালিকানাধীন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল সোমবার কারখানায় গিয়ে শ্রমিকেরা দেখতে পান, পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। পরে হাজারো শ্রমিক ইপিজেডের মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন।
গতকাল সকাল ৮টা থেকে ১০টা ১২ মিনিট পর্যন্ত শ্রমিকদের আকস্মিক এই কর্মসূচির কারণে ইপিজেডের মূল ফটকের বাইরে আটকে পড়েন বিভিন্ন কারখানার কর্মকর্তা ও শ্রমিকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ গেট খোলার চেষ্টা করলে শ্রমিকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
শ্রমিক বিক্ষোভের পর গতকাল দুপুরে ইপিজেড কর্মকর্তা, শ্রমিক, মালিক ও পুলিশ প্রতিনিধিরা বৈঠক করেন। ইপিজেড কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। কারখানাটি সোমবার (আজ) খুলে দেওয়া এবং ১০ মার্চের মধ্যে বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী বেতন বাড়ানোর বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়ং ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেডের চেয়ারম্যানের সঙ্গে বেপজা কর্তৃপক্ষের আলোচনা করবে। বৈঠকে উপস্থিত ২৫ জন শ্রমিক এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান তিনি।
এর আগে গতকাল সকাল নয়টায় ইপিজেডের মূল ফটকে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা মূল ফটক বন্ধ করে ইপিজেডের ভেতরের সড়কে অবস্থান নেন। এ সময় রপ্তানি পণ্য ও যাত্রীবাহী গাড়ি ইপিজেডের ভেতর থেকে বের হতে পারেনি। আবার ইপিজেডের বিভিন্ন কারখানার কর্মকর্তা ও শ্রমিকেরাও মূল ফটকের বাইরে আটকা পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া কারখানাটির একজন শ্রমিক প্রথম আলোকে বলেন, ‘আমরা ১০ শতাংশ বেতন বাড়ানোর দাবি করেছিলাম। কিন্তু মালিকপক্ষ অন্যান্য কারখানার মতো বেতন-ভাতা বাড়ায়নি। আজ (গতকাল) সকালে এসে দেখি কারখানা বন্ধ। এরপরই আমরা এখানে অবস্থান নিই।’
সকাল সাড়ে নয়টায় মূল ফটকে দাঁড়িয়ে থাকা ‘সেকশন সেভেন’ নামের একটি কারখানার শ্রমিক মো. এরশাদ প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটায় এসেছি। কিন্তু গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারছি না।’
ঘটনাস্থলে গিয়ে শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহম্মেদ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। সকাল ১০টার দিকে মাইকে মূল ফটক খুলে দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। এরপর ১০টা ১২ মিনিটে শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে ফটক খোলার ব্যবস্থা করেন।
শ্রমিক বিক্ষোভের বিষয়ে বক্তব্য জানতে কারখানার মহাব্যবস্থাপক মো. ইউসুফের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
বেপজা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে ১৬৮টি কারখানায় ১ লাখ ৯০ হাজার ৮১৫ জন শ্রমিক রয়েছেন। এর মধ্যে ইয়ং ইন্টারন্যাশনাল কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করেন।