চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংভিত্তিক কোম্পানির মালিকানাধীন চট্টগ্রাম ইপিজেডে বাংলাদেশ স্পিনার্স অ্যান্ড নিটার্স লিমিটেড (বিএসকেএল) নামের একটি কারখানার কর্মকর্তাদের গতকাল শনিবার সাত ঘণ্টা আটকে রেখে ক্ষুব্ধ শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
গতকাল দুপুরে কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে সমঝোতা হওয়ার পর উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে।
কারখানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে বিএসকেএলের একজন সুপারভাইজার অন্য একজন শ্রমিককে চড় মারেন। এর জের ধরে কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা সোয়েটারপ্রতি উৎপাদন মূল্য বাড়ানোর দাবি জানিয়ে কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত কর্মকর্তারা অবরুদ্ধ ছিলেন। এর আগে শ্রমিকেরা কারখানার মূল ফটক বন্ধ করে স্লোগান দেন।
বিএসকেএলের ব্যবস্থাপক (এইচআর) মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, একজন শ্রমিকের সঙ্গে অন্য আরেকজন দুর্ব্যবহার করেছেন। এর বিচার দাবি করে শ্রমিকেরা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আশ্বাস পাওয়ায় শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের বন্দর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, একজন শ্রমিককে মারধর করার জের ধরে শ্রমিকেরা জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এতে কারখানার কর্মকর্তারা সাত ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা সোয়েটারপ্রতি উৎপাদন মূল্য বাড়ানোর দাবি করেন। মনজুর মোরশেদ আরও বলেন, আসলে ওই কারখানায় উন্নতি প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপিত হতে যাচ্ছে। ফলে সেখানে আটজনের মধ্যে সাতজন ছাঁটাই হওয়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।