চট্টগ্রাম ইপিজেডের জুতা কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এক্সেল সিওর সুজ নামের জুতার একটি কারখানায় আগুন লেগেছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এই আগুনে কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, ইপিজেডের ৩ নম্বর সড়কের এই জুতা কারখানায় বেলা তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। সাপ্তাহিক ছুটির দিনের কারণে গতকাল শুক্রবার কারখানা বন্ধ ছিল। এ কারণে সেখানে কোনো শ্রমিক ছিলেন না। এই কারখানার তৈরি জুতা বিদেশে রপ্তানি হয় বলে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি এবং পরে আরও সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি নৌবাহিনীও আগুন নেভাতে সাহায্য করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রাসায়নিক পদার্থের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না।’ তবে ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে কারখানার মালিকপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।