চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ স্পষ্ট হয়েছে। তাঁরা দুজনই গতকাল শনিবার বিকেলে আলাদাভাবে ঘরোয়া আলোচনা সভা করেছেন। এর মাধ্যমে উত্তর জেলা বিএনপির বিভক্তি প্রকাশ্যে সামনে চলে এসেছে।
গতকাল উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দলীয় নেতাদের নিয়ে নাসিমন ভবনে ঘরোয়া আলোচনা সভার আয়োজন করেন। আলোচ্যসূচিতে স্থান পায় উপজেলা নির্বাচনোত্তর সাংগঠনিক কর্মকাণ্ড এবং ২৬ এপ্রিল ঢাকায় উপস্থিতি নিয়ে। এতে সভাপতিত্ব করে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
গতকাল আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় আরেকটি ঘরোয়া আলোচনা সভার আয়োজন করেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী। সেখানে কারাগার থেকে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের কীভাবে সংবর্ধনা দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।
দলীয় সূত্র জানায়, উত্তর জেলার দুই নেতার বিভক্তি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। এমনিতে এই দুজনের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। গতকাল আলাদা ঘরোয়া সভার মাধমে বিভক্তি সৃষ্টি হওয়ায় নির্বাহী কমিটির নেতারাও বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ গিয়াস কাদের চৌধুরীর সভায় এবং অন্য পক্ষ আসলাম চৌধুরীর সভায় যোগ দেন।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমরা উপজেলা নির্বাচনোত্তর কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভার আয়োজন করি। আসলাম চৌধুরীকে সভায় আমন্ত্রণ জানানো হয়। তিনি সভায় আসেননি।’
উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বলেন, ‘আমাকে নাসিমন ভবনের সভায় আমন্ত্রণ জানালে আগ্রাবাদের রেস্তোরাঁয় আরেকটি কি আলোচনা সভার আয়োজন করতাম? আগ্রাবাদের সভা অনেক আগে আহ্বান করা হয়। সেখানে কারামুক্ত নেতাদের সংবর্ধনা কীভাবে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়।’ আসলাম চৌধুরীর দাবি, উত্তর জেলা বিএনপির নির্বাহী কমিটির ১৭৬ নেতার মধ্যে ১০৫ জন আগ্রাবাদের আলোচনা সভায় যোগ দেন। দলের বেশির ভাগ নেতা তাঁর সঙ্গে আছেন বলে তিনি দাবি করেন।