চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দুই পক্ষে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে গতকাল রোববার বিকেলে মারামারি হয়েছে। ‘চলো চলো ঢাকায় চলো’ কর্মসূচি সফল করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে নাসিমন ভবনে সীতাকুণ্ড ও রাউজান পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এতে সাত-আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বেশির ভাগই সীতাকুণ্ড পক্ষের সদস্য।আহত ব্যক্তিরা হলেন উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, হারুন, ইদ্রিছ, সাহাবুদ্দিন ও শহীদ প্রমুখ। তাঁদের মধ্যে ইকবাল হোসেন ও সালাহউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নগরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু জানান, প্রস্তুতি সভা শেষে জ্যেষ্ঠ নেতারা নেমে যান। এরপর যুবদলের সভাপতি নাসিমন ভবনের তিনতলা থেকে নামার সময় তাঁর ওপর রাউজানের এক সন্ত্রাসীর নেতৃত্বে হামলা হয়। তারা আগে থেকেই পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে এই হামলা করে। পরে তাঁকে বাঁচাতে গিয়ে সাত-আটজন আহত হন।এর আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ নানা দাবিতে বিএনপির ঢাকা চলো কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, বিএনপির নেতা এস এম ফজলুল হক, কে কে রফিক বিন চৌধুরী, ইসহাক কাদের চৌধুরী, নুরুল আমিন, বেলায়েত হোসেন, আবদুল্লাহ আল হাসান, সালামত আলী, উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু প্রমুখ।