চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা নাজিমউদ্দিন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে হাটহাজারীতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
গত রোববার রাতে কেন্দ্র থেকে তাঁকে বহিষ্কার করা হয়। বিএনপি এই উপজেলায় মাহবুবুল আলমকে সমর্থন দিয়েছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে কেন্দ্র থেকে নাজিমউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশের অনুলিপি রোববার রাতে আমাকেও দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।’
তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সাবেক হুইপ ও চারবারের নির্বাচিত সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি হাটহাজারী থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছিলাম। অথচ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। তবুও এই নির্বাচনে আমরা নাজিমের পক্ষে কাজ করছি। তাঁর পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। নাজিমই জিতবেন বলে আমি আশাবাদী।’ বিএনপি হাটহাজারী উপজেলা চেয়ারম্যান পদে মাহবুবুল আলমকে সমর্থন দিয়েছে।