চট্টগ্রাম উত্তর জেলা শিবির নেতাসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি কুতুব উদ্দিনকে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় কুতুব উদ্দিনের বাড়িতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁর ভাই ছাত্রলীগের সাবেক কর্মী আরাফাত হোসেনসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে র্যাব-৭-এর একটি দল ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় বাড়িতেই ছিলেন কুতুব উদ্দিন। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, কুতুব উদ্দিনের বিরুদ্ধে হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে আগুন, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার অভিযোগে ২৮টির মতো মামলা রয়েছে।
শিবিরের নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু তাহের।
এদিকে কুতুব উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ছলিমপুর ইউনিয়ন জামায়াত-শিবিরের কর্মীরা বানুর বাজার এলাকায় বিদ্যুতের পরিত্যক্ত খুঁটি এলোপাতাড়িভাবে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবিরের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। শিবিরের কর্মীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের সার্জেন্ট মো. কবির ও উপপরিদর্শক জাহাঙ্গীর আহত হন। এদিকে পুলিশের রাবার বুলেটে শিবিরের কর্মী মোরশেদ, মান্নান, আকবর, রাশেদ, রাকিব আহত হন।