রোডমার্চ এবং জনসভা সফল করতে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জোর প্রচারণা চালাচ্ছে। দলীয় নেতা-কর্মীরা মিছিল-সমাবেশে যোগ দিচ্ছেন। দৃশ্যত সমাবেশ আর মিছিলের নগরে পরিণত হয়েছে চট্টগ্রাম।গতকাল শুক্রবারও নগরের সবকটি নির্বাচনী এলাকায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মিছিল-সমাবেশ করেছেন।বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গতকাল নগরের রামপুরার পথসভায় বলেছেন, সারা দেশের মানুষের দৃষ্টি এখন চট্টগ্রামের দিকে। চট্টগ্রাম আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। চট্টগ্রামের মানুষ একবার রাজপথে বের হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরে যায় না। আগামী সোমবার পলোগ্রাউন্ড ময়দানের সমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করে মহাজোট সরকারের বিদায়ঘণ্টা বাজানো হবে। পরে তিনি হালিশহর বি-ব্লকে হালিশহর থানা মহিলা দল আয়োজিত রোডমার্চ ও মহাসমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মহিলা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: মনোয়ারা বেগম, জেলী চৌধুরী, ফাতেমা বাদশা, জেসমীন খানম, আঁখি সুলতানা, মরিয়ম বেগম, মিলি প্রমুখ।এ ছাড়া আবদুল্লাহ আল নোমান গতকাল বাদ জুমা আগ্রাবাদ এক্সেস রোড, পান্নাপাড়া ও চৌমুহনী এলাকায় রোডমার্চ এবং মহাসমাবেশের প্রচারণায় বিভিন্ন মার্কেট ও অলিগলিতে প্রচারপত্র বিতরণ করেন।শ্রমিক দল: গতকাল বিকেলে শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। শ্রমিক দলের সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশে বলেন, রোডমার্চ কিংবা জনসভায় বাধা দিলে চট্টগ্রামেই সরকার পতনের কর্মসূচি দেওয়া হবে।পরে জয়নুল আবদিন ফারুক ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন শ্রমিক দলের মিছিলের নেতৃত্ব দেন। মিছিলের সামনে ছিল দলীয় নেতা-কর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা, আর পেছনে ব্যান্ড দল।দলীয় কার্যালয়ের বাইরে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথভাবে সমাবেশ করে। এরপর মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সহসভাপতি এস এম ফজলুল হক। সব শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাদ্য বাজিয়ে নিউমার্কেট থেকে মিছিল বের করেন। নাসিমন ভবনে এসে মিছিল শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান। এদিকে নগরের প্রায় প্রতিটি ওয়ার্ডে গতকাল জুমার নামাজের পর স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করেছেন। খালেদা জিয়ার সমাবেশ এবং রোডমার্চ সফল করতে স্থানীয় নেতারা প্রচারপত্র বিলি করেন।