চট্টগ্রাম ও আশপাশে মৃদু ভূমিকম্প, কেন্দ্রস্থল মানিকছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন সকাল ছয়টা ২৭ মিনিট ৪৩ সেকেন্ড। হঠাৎ কেঁপে উঠল চট্টগ্রাম ও এর আশপাশের এলাকা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এই মাত্রার ভূমিকম্পকে মৃদু হিসেবে চিহ্নিত করা হয়। তবে এই মৃদু কম্পনেও চট্টগ্রাম ও আশপাশের এলাকার অনেক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি। আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও কার্যালয় থেকে ২০৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ভূ-অভ্যন্তরে ভূমিকম্পটি সৃষ্টি হয়। এর আগে সর্বশেষ ২০১৫ সালের ৮ এপ্রিল বাগেরহাটের শরণখোলায় ভূ-অভ্যন্তরে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর বাইরে গত এক বছরে যে কটি ভূমিকম্প হয়েছে, তার সবগুলোর উৎপত্তিস্থল ছিল ভারত, নেপাল, চীন ও আফগানিস্তানে।
যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ-বিষয়ক সংস্থা ইউএসজিএর হিসাবেও গতকাল ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল খাগড়াছড়ির মানিকছড়ি সদর থেকে ২১ কিলোমিটার এবং খাগড়াছড়ি সদর থেকে ৪১ কিলোমিটার দূরে। এই এলাকাটি মিয়ানমার-ভারত সীমান্ত এলাকার ভূ-অভ্যন্তরের চ্যুতি বা ফাটলের কাছাকাছি।