চট্টগ্রাম ও কক্সবাজারে দুদকের ১৪ মামলা
পরস্পর যোগসাজশে রাজস্ব ফাঁকি ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারে ১৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার এসব মামলা দায়ের করেন দুজন সহকারী পরিচালক ও দুজন উপসহকারী পরিচালক। এর মধ্যে কক্সবাজারে পাঁচটি, লোহাগাড়া থানায় চারটি, পাহাড়তলী থানায় তিনটি ও মহেশখালী থানায় দুটি মামলা করা হয়েছে। দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফয়সাল পাশা প্রথম আলোকে বলেন, নিজস্ব অনুসন্ধান ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব মামলা করা হয়েছে। অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানেও এই তদন্ত অব্যাহত রয়েছে। সে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনতে দুদকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে বিআরটিএর সাবেক সহকারী পরিচালক মো. আবু আশরাফ সিদ্দিকী ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে কক্সবাজার থানায় পাঁচটি মামলা হয়েছে। সহযোগীরা হলেন: হারুনুর রশিদ বাহাদুর, নুরুল ইসলাম, ফয়েজ আহমঞ্চদ, শাহজাহান খান ও মো. নাছির উদ্দিন। মামলাগুলো দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম ও উপসহকারী পরিচালক আজিজুল হক। আবু আশরাফ সিদ্দিকী ও সহযোগীদের বিরুদ্ধে গাড়ি নিবন্ধনের মাধ্যমে পরস্পর যোগসাজশে ৩০ লাখ ১৪ হাজার টাকা আত্মসাগের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুহামঞ্চদ ইদ্রিস, সাবেক ইউপি সচিব মুহামঞ্চদ সোহেল ও সাবেক ইউপি সদস্য বিমল চন্দ্র নাথের বিরুদ্ধে চার লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা হয়েছে।মহেশখালীতে ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি সংস্থা ‘কোস্ট’র সাবেক এলাকা ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম ও সাবেক স্বাস্থ্যকর্মী মিরাজুন্নাহারের বিরুদ্ধে মামলা হয়েছে। সমিতির সদস্যদের নামে ভুয়া ঋণ দেখিয়ে নগদ ও বেতন-ভাতা থেকে এ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। নগরের পাহাড়তলী থানায় সাবেক পোস্ট মাস্টার ইব্রাহিম খলিল ওরফে দিদারের বিরুদ্ধে ২১ লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।