চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান চলাচল বন্ধ, সর্বোচ্চসতর্কতা
ঘূর্ণিঝড় মহাসেন আঘাতের আশঙ্কায় দেশের উপকূলীয় জেলাগুলোতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সব এলাকার বিমান, নৌ ও সমুদ্রবন্দরে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো নামানো থেকে শুরু করে কলকারখানা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিমান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
ঘুর্ণিঝড়ের আশঙ্কার কথা বিবেচনা করে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার পাশাপাশি প্রধান বিরোধী দলও রোববারের হরতাল প্রত্যাহার করে নিয়েছে। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পৌঁছে দিতে এবং ঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে ৪২ হাজার স্বেচ্ছাসেবক তাঁদের তৎপরতা শুরু করেছেন।
২০০৭ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে আইলার পর এটিই দেশের উপকূলের দিকে এগিয়ে আসা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে আগের দুটি আঘাত হেনেছিল দক্ষিণ-পশ্চিম উপকূলের খুলনা ও বরিশাল বিভাগে। মহাসেন চট্টগ্রাম উপকূলে বেশি আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদেরা মনে করছেন।
১১ মে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে। এর আগে ২০০৮ সালে একই এলাকায় ঘূর্ণিঝড় নার্গিস সৃষ্টি হয়ে মিয়ানমারের আরাকান রাজ্যে আঘাত হেনেছিল। ওই ঝড়ে জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়।
ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনালে সতর্কীকরণ এবং যাত্রীদের ও নৌযান নিরাপত্তার জন্য একটি অস্থায়ী মনিটরিং ক্যাম্প খোলা হয়েছে। গতকাল দুপুর থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ না ছাড়ায় দক্ষিণাঞ্চলগামী শত শত যাত্রী লঞ্চ না পেয়ে বন্দর ত্যাগ করেছে।
চট্টগ্রাম বন্দর: আবহাওয়া অধিদপ্তর ৭ নম্বর বিপদ সংকেত জারির পর চট্টগ্রাম বন্দর নিজস্ব ৩ মাত্রার সতর্কতা জারি করে। এই সতর্কতা অনুযায়ী গতকাল সকালে জেটিতে পণ্য ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। বন্দরের মূল জেটি ও মুরিংয়ে থাকা দুটি জাহাজ ছাড়া অন্যসব জাহাজ বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়। বন্দরের বড় যন্ত্রপাতি নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়। বন্দরের সংরক্ষিত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘বন্দর চ্যানেল (নৌপথ) নিরাপদ রাখতে জেটি থেকে দুটি ছাড়া সব বড় জাহাজ সাগরে পাঠানো হয়েছে। সাগরে অবস্থানরত বড় জাহাজগুলো ঘূর্ণিঝড় মোকাবিলা করতে খুব বেশি সমস্যা হয় না। আবার ছোট নৌযানগুলো কর্ণফুলী নদীর উজানে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমানবন্দর: গতকাল সকালের দিকে ৭ নম্বর বিপদ সঙ্কেত ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ বিকেল চারটা থেকে সব ধরনের উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়ন বাতিল করেছে। আজ সকাল ১০টা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। গতকাল বিকেল চারটার আগে চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়া হয়।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার বিকেল চারটা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৫০টি বিমানের অবতরণ ও উড্ডয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিমানবন্দর চালুর বিষয়টি নির্ভর করছে ঘূর্ণিঝড়ের আঘাতের ওপর।
সিইপিজেড: চট্টগ্রাম ইপিজেড এলাকার চালু ১৭১টি কারখানা গতকাল বেলা দুইটা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানায় এক লাখ ৮১ হাজার শ্রমিক রয়েছে। বেপজার মহাব্যাবস্থাপক মো. আবদুর রশিদ বলেন, ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইপিজেড বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি প্রত্যেক কারখানাকে নিজ দায়িত্বে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে মালামাল রক্ষা করতে বলা হয়েছে। বেপজা স্কুল ও মসজিদে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।’