চট্টগ্রাম ও কুমারখালীতে ঢিলেঢালা হরতাল
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ডাকা আধাবেলা হরতাল বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতালে চট্টগ্রামে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। দূরপাল্লার গাড়ি না চললেও অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল করেছে। সরকারি-বেসরকারি দপ্তর ছিল খোলা। কোথাও কোথাও যানজট দেখা গেছে।
সকাল সোয়া ১০টার দিকে হরতাল-সমর্থকেরা নগরের বহদ্দারহাট মোড়ের অদূরে জঙ্গি শাহ মাজারের কাছে কয়েকটি ককটেল ফাটায়। ঘটনাস্থলের অদূরে
ছিল পুলিশ। তারা এগিয়ে যেতেই হরতাল-সমর্থকেরা পালিয়ে যায়। এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল ফাটানো হয়।
কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, পুলিশ বিভিন্ন এলাকা থেকে পিকেটার সন্দেহে দুজনকে আটক করেছে।
গত সোমবার রাতে শিবিরের ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর শিবির এ হরতালের ডাক দেয়।
সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান এলাকায় বেলা ১১টার দিকে পুলিশ ও শিবিরের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিবিরের ছোড়া ইটের আঘাতে সাতকানিয়া থানার এসআই গোলাম মিনহাজ আহত হন। পুলিশ গুলি করে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
কুষ্টিয়ার কুমারখালীতে জামায়াতের নায়েবে আমির শামসুদ্দিনের মুক্তির দাবিতে পৌর জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। যান চলাচল ছিল স্বাভাবিক। কুমারখালী থেকে দূরপাল্লার সব বাসই ছেড়ে গেছে।
তবে বুধবার রাত ১০টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর নন্দলালপুর এলাকায় দুটি বাস ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা।
কুমারখালী থানার ওসি রামপ্রসাদ ভদ্র জানান, নাশকতা এড়াতে কুমারখালীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।