চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
চট্টগ্রাম ও কুষ্টিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সিডিএর অনন্যা আবাসিক এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আলী আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামে ভূমিদস্যু ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে নয়টি মামলা ও ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে র্যাব-পুলিশ সূত্র জানায়।অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত রোববার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন সিদ্দিকুর রহমান (৩৫)। তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) জেলা কমান্ডার বলে পুলিশ দাবি করে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা ও তিনটি জিডি রয়েছে।চট্টগ্রাম অঞ্চলের র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে আক্কাস সহযোগীদের নিয়ে চান্দগাঁও অনন্যা আবাসিক এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে র্যাব-পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তাঁদের উপস্থিতি টের পেয়ে আক্কাস ও তাঁর সহযোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। র্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়।র্যাবের অধিনায়ক আরও বলেন, এ সময় উভয় পক্ষে ৩০-৩৫টি গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আক্কাসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরের চান্দগাঁও থানায় মামলা হয়েছে। র্যাব ও পুলিশের ভাষ্যমতে, আক্কাসের বিরুদ্ধে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকার সরকারি খাসজমি দখল ও বিক্রির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে নয়টি মামলা ও ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।৪ মে জঙ্গল সলিমপুর-সংলগ্ন বায়েজিদ থানার ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্কাস ও বাদশার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ আহত হন। পরে পুলিশ দুই পক্ষের অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করে।অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশের ভাষ্যমতে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে রোববার রাত একটার দিকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) জেলা কমান্ডার সিদ্দিক সাত-আটজন সহযোগীকে নিয়ে উপজেলার কুর্শা গ্রামের ক্যানেলপাড়ায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ রাত পৌনে দুইটার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট ‘বন্দুকযুদ্ধের’ পর সন্ত্রাসীরা পিছু হটে। এরই মধ্যে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। তারা সেখানে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে তা সিদ্দিকের বলে শনাক্ত করে। রাতেই পুলিশ সিদ্দিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বন্দুকযুদ্ধে অর্ধশতাধিক গুলিবিনিময় হয়। চরমপন্থী নেতা সিদ্দিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদা না পেলে সে মানুষ হত্যা করত।’ তিনি বলেন, সিদ্দিকের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় পাঁচটি হত্যা, একটি ডাকাতি, একটি বিস্ফোরক দ্রব্য মামলা ও তিনটি জিডি রয়েছে।