চট্টগ্রাম ও কেরানীগঞ্জে সাতজন মারাত্মক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজারের এয়াকুব নগরে লবণ কারখানায় অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সা দেওয়া হয়। গতকাল বিকেলে তোলা ছবি ।  প্রথম আলো
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজারের এয়াকুব নগরে লবণ কারখানায় অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সা দেওয়া হয়। গতকাল বিকেলে তোলা ছবি । প্রথম আলো

চট্টগ্রাম নগরের একটি লবণ কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় গত শুক্রবার রাতে গ্যাস লাইনে বিস্ফোরণে তিনজন মারাত্মক দগ্ধ হয়েছেন। ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জেও চারজন মারাত্মক দগ্ধ হয়েছেন। সেখানে গতকাল শনিবার ভোরে একটি ওয়াশিং ডায়িং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের দগ্ধ ব্যক্তিরা হলেন: আমির (৩০), জীবন (২০) ও আরজু (১৪)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হাসমত আলী মিয়া জানান, গ্যাস লাইন বিস্ফোরণে আমিরের শরীরের ৫৬ শতাংশ, জীবনের ৫৫ শতাংশ ও আরজুর ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা কেউই শঙ্কামুক্ত নন।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নগরের ফিরিঙ্গিবাজারের এয়াকুব নগর এলাকার সোয়ান সল্ট লবণ কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম জানান, গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে একজন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মচারী। এ ঘটনায় লবণ কারখানার মালিকের বিরুদ্ধে পুলিশ ও কেজিডিসিএল পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, এয়াকুব নগরের সোয়ান সল্ট কারখানার টিনের চাল বিস্ফোরণে তছনছ হয়ে গেছে। কারখানার বাইরের মূল সংযোগ থেকে একটি অবৈধ সংযোগ কারখানার ভেতরে নেওয়া হয়েছে। এটি চিহ্নিত করতে মাটি খুঁড়ে দেখছেন কেজিডিসিএলের লোকজন। এখানে মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে কেজিটিসিএলের জোন-৬ এর দায়িত্বে নিয়োজিত উপব্যবস্থাপক শফিউল আলম নিজামীর নেতৃত্বে একটি দল উপস্থিত ছিল। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শফিউল আলাম সটকে পড়েন। পরে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা অবৈধ সংযোগ দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা লবণ কারখানার বৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছি। কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।’
কেরাণীগঞ্জে বিস্ফোরণ: আহত ব্যক্তিরা হলেন: কারখানাটির মালিক মো. জাহাঙ্গীর মিয়া, কারখানা শ্রমিক দুলাল, রাজীব, শাহাদাত এবং পাশের বাড়ির ভাড়াটিয়া ওমর ফারুক। এঁদের মধ্যে দগ্ধ মো. জাহাঙ্গীর, দুলাল, রাজীব ও শাহাদাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ণ ইউনিটের ব্যবস্থাপত্রে দেখা যায়, জাহাঙ্গীর মিয়ার শরীরের ৮০ শতাংশ, দুলালের ৪২ শতাংশ, রাজীবের ৫৫ শতাংশ ও শাহাদাতের ৮০ শতাংশ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর পাঁচটার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার খেজুরবাগ মুহুরীপট্টি এলাকার ওই ওয়াশিং ডায়িং কারখানায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘুমের মধ্যে হঠাৎ এ বিস্ফোরণে সবাই হতচকিত হয়ে পড়েন। অনেকে দিগিবদিক ছোটাছুটি করতে থাকেন।
শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মো. ইকবাল হোসেন অভিযোগ করেন, কোনো ফাউন্ডেশন ছাড়াই বাড়িটি দোতলা করা হয়েছে। তা ছাড়া আবাসিক এলাকায় ওয়াশিং ডায়িং কারখানা করায় এরকম প্রায়ই দুর্ঘটনা ঘটছে।