চট্টগ্রাম ও খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার চট্টগ্রামের সীতকুণ্ড ও খুলনায় সড়ক অবরোধ কর্মসূচি পালনা করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা।
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন ২০১০ অনুযায়ী বকেয়া বেতনের তৃতীয় কিস্তি গত ৩১ জুলাই পরিশোধের কথা ছিল। কয়েক দফা সময় নিয়েও সরকার তা পরিশোধ না করায় এর আগে আন্দোলন করছেন শ্রমিকেরা। এর আগে গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ও খুলনাসহ আরও কয়েকটি স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন পাটকল শ্রমিকেরা। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সীতাকুণ্ডের হাফিজ জুট মিলস গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।
রাষ্ট্রায়ত্ত পাটকল কারখানা সিবিএ সমন্বয় পরিষদ বাংলাদেশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেএমসির প্রধান কার্যালয়ে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ুন খালেদ ও সিবিএ সমন্বয় পরিষদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী মঙ্গলবার বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়। গতকাল চার ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা থাকলেও বৃহস্পতিবারের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়।
সিবিএ সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সীতাকুণ্ডের হাফিজ জুট মিলসের সিবিএ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রথম আলোকে বলেন, মঙ্গলবারও যদি বকেয়া পরিশোধ করা না হয় তাহলে পরদিন বুধবার সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ ও কারখানায় চার ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।
এদিকে খুলনার খালিশপুরের প্লাটিনাম ও দীঘলিয়ার স্টার জুট মিলের শ্রমিকেরা গতকাল সকাল নয়টার দিকে কারখানা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা সৈয়দ জাকির হোসেন, হারুন অর রশীদ, হুমায়ুন কবির, গাজী মাসুম, সোহরাব হোসেন, সিদ্দিকুর রহমান প্রমুখ। তাঁরা অবিলম্বে শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে একই দাবিতে পাটকল শ্রমিকলীগ এবং পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটি যৌথ উদ্যোগে ৮ ও ৯ অক্টোবর ৪৮ ঘণ্টা কারখানায় ধর্মঘটের ডাক দিয়েছে।