চট্টগ্রাম ও চাঁদপুরে নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝুঁকিপূর্ণ রেলসেতু সংস্কার করতে গিয়ে মফজুল রহমান নামের সেতু বিভাগের এক শ্রমিক নিহত হয়েছেন। অন্যদিকে চাঁদপুরের হাইমচরে মেঘনায় ট্রলার ডুবে মো. এরশাদ নামের আরেক মারা গেছেন।
মফজুলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আর এরশাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর...
সীতাকুণ্ড: আজ দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ৩৪ নম্বর ঝুঁকিপূর্ণ রেলসেতু সংস্কার করতে গিয়ে পড়ে গিয়ে মফজুল মারা যান।
কুমিরা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শেখ আহম্মদ বলেন, মফজুলসহ বেশ কয়েকজন শ্রমিক ঝুঁকিপূর্ণ ওই সেতুটি সংস্কারের কাজ করছিলেন। দুপুরে হঠাত্ পা ফসকে সেতুর ওপর থেকে পড়ে যান মফজুল। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ কুমার বড়ুয়া বলেন, বেলা তিনটার দিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মফজুল রহমান।
চাঁদপুর: বেলা সাড়ে ১১টার দিকে হাইমচর উপজেলার গাজীপুর এলাকায় মেঘনা নদীতে লবণবোঝাই ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে যায়। এতে মো. এরশাদ মারা যান। স্থানীয় লোকজন ও জেলেদের সহায়তায় ট্রলারের নয়জন যাত্রীকে উদ্ধার করা হয়।
ট্রলারের মাস্টার মনির হোসেন প্রথম আলোকে জানান, প্রচণ্ড স্রোতের কারণে ট্রলারটি একটি ডুবোচরে ধাক্কা লেগে ১০ আরোহীসহ নদীতে তলিয়ে যায়। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান।