চট্টগ্রাম ও ফরিদপুরে আনন্দ মিছিল
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের সংবাদ শোনার পর চট্টগ্রামের রাউজান ও ফরিদপুর শহরের থানা রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল হয়েছে।
রাউজানে মিছিলটি হয় রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে। মিছিল রাউজান সদর থেকে গহিরার দিকে রওনা দেয়। অন্যদিকে ফরিদপুরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। ‘এই মুহূর্তে খবর এল, মুজাহিদের ফাঁসি হলো’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে যায়। সেখানে কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। বক্তারা অন্যান্য যুদ্ধাপরাধীর দ্রুত বিচার এবং রায় কার্যকরের দাবি জানান। পরে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।