চট্টগ্রাম ও বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
চট্টগ্রাম ও বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার পৃথক পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানে খবর:
চট্টগ্রাম নগরের খুলশী ও বালুচড়ায় মোহাম্মদ আলাউদ্দিন (২৭) ও রুনা আক্তার (২৪) নামে দুজন মারা গেছেন। নিহত আলাউদ্দিন নগরের খুলশী থানার নাহার এগ্রো গ্রুপের নির্মাণাধীন প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক ছিলেন। নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মো. ওয়াহিদুল আলম মুঠোফোনে প্রথম আলোকে জানান, শনিবার সকাল দশটার দিকে আলাউদ্দিন নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে ওপরে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর নিহত রুনা আক্তার নগরের বালুচড়া এলাকায় নিজ বাসায় বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বেলা সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি ঘোষপাড়া এলাকায় শিমুল ঘোষ (২৩) নামে এক দোকান শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি আজ বিকেলে রডের দোকানের শাটার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।