চট্টগ্রাম ও মুহসীন কলেজে যেন ঈদ আনন্দ
সাফল্য ছিল কারও কাছে প্রত্যাশিত, কারও কাছে অপ্রত্যাশিত। কিন্তু সবার উচ্ছ্বাসের রং ছিল এক। চারদিকে হইহই রব। কেউ আনন্দে হাসছেন, কারও চোখ দিয়ে ঝরছে আনন্দাশ্রু। কেউ কেউ বলেই ফেললেন, ‘আজ মনে হচ্ছে ঈদের দিন। সামনের ঈদটা ভালোই কাটবে।’ এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজের কৃতী শিক্ষার্থীদের এই উল্লাসে বাধা হতে পারেনি সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি। চট্টগ্রাম বোর্ডের শীর্ষ ২০ কলেজের মধ্যে এবার চট্টগ্রাম কলেজ দ্বিতীয় হয়েছে। আর মুহসীন কলেজের অবস্থান চতুর্থ। চট্টগ্রাম কলেজ থেকে এবার ৭৪২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৭৩৩ জন। বিজ্ঞান ও মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪৪৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। এই ফলাফলকে গতবারের চেয়ে ভালো উল্লেখ করেছেন কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার। অধ্যক্ষ দস্তিদার বলেন, ‘আমাদের ফলাফল গতবারের তুলনায় ভালো। তবে আরও ভালো হওয়া দরকার ছিল। তবু আমি খুশি। পাশাপাশি কিছুটা অসন্তুষ্টও। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য কিছু পরিকল্পনা নিচ্ছি।’ তবে ফলাফল নিয়ে অধ্যক্ষ যা-ই বলুন না কেন, উত্তীর্ণ শিক্ষার্থীরা ছিলেন খুশিতে আটখানা। কেউ মুঠোফোনে অভিভাবক কিংবা প্রিয়জনকে ফলাফল জানাতে ব্যস্ত ছিলেন। কেউবা দল বেঁধে আনন্দ ভাগ করে নিচ্ছিলেন। আনন্দ উৎসব থেকে বাদ যায়নি বিপরীত দিকে অবস্থিত চট্টগ্রাম হাজী মুহাম্মদ মুহসীন কলেজও। অধ্যক্ষের কক্ষে যেন মিষ্টির বন্যা বইছিল। উপস্থিতি, শিক্ষার্থীসংখ্যা, পাসের হার, জিপিএ-৫ ও অংশগ্রহণকারী এই পাঁচটি মানদণ্ডে বোর্ডে চতুর্থ হওয়া কলেজটি থেকে এবার তিন বিভাগে এক হাজার ৪০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে এক হাজার ৩৩৪ জন পাস করেন। পাসের হার ৯৪ দশমিক ৭২ শতাংশ। তার মধ্যে ব্যবসায় শিক্ষায় পাসের হার শতভাগ। তিন বিভাগে মোট জিপিএ-৫ পেয়েছেন ৫৬০ জন। কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান বলেন, ‘আমি আমাদের শিক্ষার্থীদের ফলাফলে খুশি। ব্যবসায় শিক্ষা বিভাগ সবচেয়ে ভালো ফল করেছে। ভবিষ্যতে আমরা আরও ভালো ফলাফলের জন্য কাজ করে যাচ্ছি।’