চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজের পাঁচটি ছাত্রাবাসে গতকাল বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ছাত্রশিবিরের নাশকতা ও ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং গত বুধবার এক পুলিশ কর্মকর্তার ওপর শিবিরের হামলার প্রেক্ষাপটে ওই তল্লাশি চালানো হয়েছে।সূত্র জানায়, চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী, আবদুস সবুর ও শেরেবাংলা এবং মুহসীন কলেজের দুটি ছাত্রাবাসে দুপুরের দিকে পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রের দাবি, শিবির নগরে নাশকতা ও ঝটিকা মিছিল করার জন্য বহিরাগত ব্যক্তিদের এসব ছাত্রাবাসে জড়ো করেছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ সূত্র জানায়, গত বুধবার নগরের হালিশহর এলাকায় শিবিরের মিছিল থেকে এক পুলিশ কর্মকর্তার ওপর ঢিল ছোড়া হয়। এতে ওই পুলিশ কর্মকর্তা আহত হন। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের গ্রেপ্তারের প্রতিবাদে শিবিরের কর্মীরা ওই মিছিল বের করেন। এর আগে চট্টগ্রাম ও মুহসীন কলেজের ছাত্রাবাসসহ নগরের বিভিন্ন মেসে শিবিরের কর্মীদের জড়ো করা হয়। তাঁরা নগরের প্রবর্তক মোড় ও হালিশহর এলাকায় ঝটিকা মিছিল বের করেন।নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ছাত্রাবাস এবং নগরের মেসগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলবে।’