চট্টগ্রাম ও রাঙামাটিতে ঢিলেঢালা হরতাল গাড়িতে আগুন
বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই চট্টগ্রাম ও রাঙামাটি গতকাল বুধবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পিকেটিংয়ের চেষ্টাকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে নয়জন এবং রাঙ্গুনিয়া থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির আদেশের প্রতিবাদে স্থানীয় বিএনপি এই হরতালের ডাক দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত মঙ্গলবার তাঁর ফাঁসির আদেশ দেন।
চট্টগ্রামে বিএনপির কার্যালয় নাসিমন ভবনের আশপাশের এলাকায় সকালেই নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। পরে তাঁরা আবার পিকেটিং করলে পুলিশ ধাওয়া দিয়ে নয়জনকে আটক করে।
নগরের চট্টেশ্বরী সড়কে সকালে তিন-চারটি গাড়িতে হামলা চালায় পিকেটাররা। দুপুরে নিউমার্কেট এলাকায় একটি ককটেল ফাটায় পিকেটাররা। বিকেলে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নাসিমন ভবনের সামনে দলবল নিয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে তিনি হরতাল কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের অভিনন্দন জানান। সমাবেশে নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহও বক্তৃতা করেন।
হরতালের কারণে চট্টগ্রাম নগর থেকে গতকাল দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি বা শহরে ঢোকেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। নগরে ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি চলাচল করতে দেখা যায়।
সাকা চৌধুরীর সাবেক নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার শান্তিরহাটে একটি গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। চট্টগ্রাম থেকে মুরগির খাবারবাহী একটি পিকআপ দুপুরের দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাটের কাছে পৌঁছালে সাকা চৌধুরীর অনুসারীরা গাড়িটিতে আগুন দেয়। পুলিশ তিনজনকে আটক করেছে।
এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সারা দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েন। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বলেন, ইঞ্জিন-সংকট ও হরতালে শিক্ষার্থী কম হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
হরতালে রাঙামাটিতেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল সমর্থকেরা সকালে শহরের ভেদভেদী, কলেজ গেট, বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়িতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
খাগড়াছড়িতে বিএনপির সমীরন দেওয়ানের নেতৃত্বাধীন বিএনপির অংশ গত মঙ্গলবার রাত ১০টায় হরতালের ডাক দেয়। তবে জেলায় গতকাল হরতালের কোনো প্রভাব পড়েনি। জেলা শহরসহ অন্যান্য এলাকার জনজীবন ছিল স্বাভাবিক। যানবাহন চলাচল করেছে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রাম ও রাঙামাটির নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।