চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা৷ তবে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আগের মতোই পরিচালিত হবে৷ তবে ওই দুই অঞ্চলের মেডিকেল কলেজগুলো এ দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে খসড়া দুটি অনুমোদন করা হয়৷ এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান।
বৈঠক সূত্র জানায়, এই দুটি বিশ্ববিদ্যালয়ের খসড়ার ওপর আলোচনা করতে গিয়ে দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার বিভিন্ন প্রসঙ্গ আলোচনায় আসে। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন লঙ্ঘন করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে উঠে আসে নিয়ম লঙ্ঘন করে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের বেতন ও বয়স বাড়ানোর বিষয়গুলো।
ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, গতকালের সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে এবং মতামত সাপেক্ষে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন হয়েছে৷ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে সরকারের এই উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না।
গত বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন৷ তখন ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার কথা বলা হলেও সমালোচনার মুখে ওই উদ্যোগ আর এগোয়নি৷
চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার জন্য এই নতুন দুটি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো স্বতন্ত্র প্রতিষ্ঠান হবে। নিজস্ব আইনে বিশ্ববিদ্যালয় দুটি পরিচালিত হবে।