চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা ৷ তবে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আগের মতোই থাকবে ৷ আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার এই বৈঠকে এটি অনুমোদন করা হয় ৷ এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

ওই দুই অঞ্চলের মেডিকেল কলেজগুলো ওই দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে। ফলে নতুন দুটিসহ দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে তিন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে এবং মতামত সাপেক্ষে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন হয়েছে ৷ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷

গত বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন ৷ তখন ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার কথা বলা হলেও সমালোচনার মুখে ওই উদ্যোগ আর এগোয়নি ৷