চট্টগ্রাম ও রেনং বন্দরের মধ্যে উপকূল ঘেঁষে জাহাজ চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও থাইল্যান্ডের রেনং বন্দরের মধ্যে উপকূল ঘেঁষে ছোট আকারের জাহাজ চলাচলের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদল প্রাথমিক কাজ শুরু করেছে।
গতকাল বুধবার থাইল্যান্ডের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরে আসে। তারা বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে।
গত মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রতিনিধিদলের মধ্যে উপকূল ঘেঁষে জাহাজ চলাচল শুরুর বিষয়ে সমঝোতা হয়। এ জন্য মূল চুক্তি করার আগে বন্দর ঘুরে দেখার জন্য গতকাল চট্টগ্রামে আসে থাইল্যান্ডের প্রতিনিধিদল।
বন্দর ভবনে থাইল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে গতকাল বন্দর কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ।
এ সময় বন্দর সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম, পরিচালক (প্রশাসন) সাদেকা বেগম, বন্দরসচিব ওমর ফারুক, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ উপস্থিত ছিলেন। থাইল্যান্ড প্রতিনিধিদলে নেতৃত্ব দেন থাইল্যান্ড বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা তানাই ভিপাসথাভাচ।
বৈঠক শেষে বন্দর পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘থাইল্যান্ড থেকে প্রতি মাসে গড়ে আমদানি পণ্যভর্তি দুই হাজার কনটেইনার চট্টগ্রাম বন্দরে আনা হয়। থাইল্যান্ডে যায় ১৮০ কনটেইনার। সিঙ্গাপুর বন্দর হয়ে এসব কনটেইনার আনা-নেওয়া করতে সময় লাগে ১৫ দিন। উপকূল ঘেঁষে জাহাজ চলাচল শুরু হলে সময় সাড়ে তিন দিনে নেমে আসবে।’