চট্টগ্রাম ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে নিহত ব্যক্তি একজন স্কুলশিক্ষক। তাঁর নাম তৌহিদুল আহমেদ। আর সাতক্ষীরায় নিহত তরুণের নাম শহীদুল ইসলাম।
চট্টগ্রাম : পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) আসিফ ইকবাল বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ডবলমুরিং এলাকার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন তৌহিদুল। ডিটি রোডে তিনি দুর্ঘটনায় পড়েন। ট্রাক বা অন্য কোনো বাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে থাকতে পারে। বৃষ্টির মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেল থেকে ছিটকে তৌহিদুল ঘটনাস্থলেই মারা যান। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তৌহিদুল পাহাড়তলী সেন্ট জেভিয়ার্স স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাদারপাড়া এলাকায়।
সাতক্ষীরা : প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি ট্রাক শহরের রক্সি সিনেমা হলের সামনে সকাল সাড়ে ১০টার দিকে সাইকেল আরোহী শহীদুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি শহরের মেহেদীবাগ এলাকায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রয়েছে।