চট্টগ্রাম ও সিলেটে আজও ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যে এলাকায় পাহাড়ধসের আশঙ্কা বেশি, গত ছয় দিন ধরে সেই পাহাড়ি এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত বেশি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে শুধু রাঙামাটিতে গত ছয় দিনে বৃষ্টি হয়েছে ৬১৫ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ওই দুই বিভাগে ভূমিধসের আশঙ্কা করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলেছে, এবার জুনের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছে। গত চার বছরের মধ্যে এবারের মৌসুমি বায়ুটি সবচেয়ে শক্তিশালী এবং সারা দেশে একযোগে ছড়িয়ে পড়েছে। শক্তিশালী মৌসুমি বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরে ১১ ও ১২ জুন ছিল নিম্নচাপের যোগ। মাঝে তিন দিনের বিরতি দিয়ে গতকাল শুক্রবার সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে চলেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আগামী দু-তিন দিন বৃষ্টিপাত হবে। তবে আগের দিনগুলোর চেয়ে কম হতে পারে। ২২ তারিখ থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। এবারের বর্ষা ও বৃষ্টিপাতের প্রধান উৎস বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমি বায়ু বেশ সক্রিয়। তিনি বলেন, এ কারণে এবারের বর্ষায় বৃষ্টিপাত কিছুটা বেশি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজও খুলনা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। আকাশ মেঘলা ও দিনভর বৃষ্টিপাত হওয়ার কারণে আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার। রাজধানীতে ৩৫ ও রাঙামাটিতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।