চট্টগ্রাম ওয়াসায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ১১ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করার প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন কর্মচারীরা। পরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বিষয়টির অধিকতর তদন্তের আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি স্থগিত করেন।
ওয়াসা সূত্র জানায়, ব্যাংক স্লিপ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁরা হলেন সহকারী প্রকৌশলী আশিক মাহমুদ চৌধুরী, উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, ওভারশিয়ার (তদারককারী) আবদুর রহিম, চার গাড়িচালক আলতাব আলী, আবদুর রব, শাহ জামাল ও আমানত খান এবং চার হেলপার (চালকের সহকারী) আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইউছুফ ও শাহাদাৎ।
এই বরখাস্ত করার প্রতিবাদে গতকাল অফিস খোলার শুরুতেই ওয়াসার মূল প্রবেশদ্বারে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। সেখানে দুই ঘণ্টা অবস্থান করার পর সকাল ১০টার দিকে ওয়াসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। কর্মসূচি চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কর্মচারীরা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন। তখন তিনি এ বিষয়ে অধিকতর তদন্তের আশ্বাস দিলে কর্মচারীরা দুপুর ১২টার দিকে কর্মসূচি স্থগিত করেন।
ওয়াসা সূত্রে জানা যায়, গ্রাহকদের বড় ভাউচারের (পানিবাহী গাড়ি) পানি কিনতে হলে এক হাজার টাকা এবং ছোট ভাউচারের জন্য ৮০০ টাকা জমা দিতে হয়। এই পদ্ধতিতে পানি কিনতে চাইলে একটি চাহিদা ফরম পূরণ করতে হয়।
এ কে এম ফজলুল্লাহ বলেন, গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এক হাজার স্লিপ জালিয়াতির মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রধান রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে। এতে ১১ কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া যায়। তবে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম অভিযোগ করেন, শ্রম আইন না মেনে ১১ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে এ কে এম ফজলুল্লাহ বলেন, বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করতে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।