চট্টগ্রাম ওয়াসার উপসচিবের দায়মুক্তির সুপারিশ দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার উপসচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও ঘুষ–বাণিজ্যের অভিযোগ প্রমাণ না হওয়ায় নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।
আজ বুধবার উপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ–সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন জমা দেন। দুদকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সূত্র ধরে জাহাঙ্গীর আলমের বিষয়ে অনুসন্ধান শুরু হয়। তিনি নিয়োগ, পদোন্নতি ও আন্তবদলি বাণিজ্যে নিয়োজিত রয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়। অভিযোগটি দুদকে আসার পর সেটি আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ওয়াসায় নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যে দুটি কমিটি কাজ করে তার কোনোটিতেই জাহাঙ্গীর আলম ছিলেন না। এছাড়াও কথিত সময়ে নিয়োগ পাওয়া কর্মচারীদের সব ধরনের নথিপত্র যাচাইবাছাই করেও কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায়নি বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।
বিষয়টি নিয়ে চট্টগ্রাম ওয়াসার আরেকটি অনুসন্ধান কমিটিও তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি পায়নি। কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে এ বিষয়টিও তুলে ধরা হয়।
দীর্ঘ অনুসন্ধান শেষে কথিত দুর্নীতির সঙ্গে জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা না পাওয়ায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নথিভুক্তির সুপারিশ করা হয়েছে বলে দুদক সূত্রটি জানিয়েছে।