চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়নাধীন কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন বসানোর কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার নগরের একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর করা হয়।জাপানি প্রতিষ্ঠান মারুবিনি ও কুবোতা এই পাইপলাইন স্থাপন করবে। আগামী ৩০ মাসের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানিয়েছেন ওয়াসার কর্মকর্তারা।চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ এবং মারুবিনি ও কুবোতার পক্ষে কুবোতা কনস্ট্রাকশনের ব্যবস্থাপক আকিরা সিরাই চুক্তিতে স্বাক্ষর করেন।জানা গেছে, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প চট্টগ্রাম ওয়াসার সবচেয়ে বড় প্রকল্প। এরই মধ্যে প্রকল্পের প্ল্যান্ট স্থাপনের জন্য একটি চীনা প্রতিষ্ঠান এবং জলাধার নির্মাণের জন্য কোরিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম ওয়াসা। ১৯৮৮ সালের পর ভূ-উপরিভাগের পানি ব্যবহারের জন্য এই প্রথম কোনো প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা।চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আবদুল করিম চৌধুরী বলেন, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের চলমান পানিসংকট অনেকাংশে কমে যাবে।