চট্টগ্রাম ওয়াসা: ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ বাড়ানোর প্রস্তাব
চট্টগ্রাম ওয়াসার প্রথম বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয় ছাড়া বড় কোনো এজেন্ডা নিয়ে আলোচনা হয়নি। গতকাল শনিবার অনুষ্ঠিত সাড়ে তিন ঘণ্টার এ বৈঠকে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহকেই আরেক মেয়াদে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে বোর্ড থেকে অনুরোধ করা হয়। সভায় নগরবাসীর পানির সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি বলে জানা গেছে। চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক আসিফ সিরাজ প্রথম আলোকে বলেন, ‘বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ কাজের ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন। এ জন্য আমরা মনে করি, চলমান প্রকল্পগুলো সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য তাঁকে আরেক দফা দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত।’সূত্র জানায়, সভায় ৩১টি আলোচ্যসূচি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত ১০টির মধ্যে আলোচনা সীমিত থাকে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রশাসক মো. শাহজাহান আলী মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, সদস্য নজমুস সাকিব, এ এফ কবির আহমেদ, আঞ্জুমান আরা বেগম, আসিফ সিরাজ, সোলাইমান আলম শেঠ, শওকত হোসেন, নাসিরউদ্দিন মাহমুদ, মোহাম্মদ নাসির, সাদেক মো. চৌধুরী, জাফর সাদেক ও এফ এম আনোয়ারুল কবির।