চট্টগ্রাম ওয়াসার পানির দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর কাছে সরবরাহ করা পানির দাম ২০ শতাংশ বাড়ানোর জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এ দাম বাড়ানো না হলে ওয়াসা শিগগিরই দেউলিয়া হয়ে যেতে পারে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘যেভাবে বিদ্যুৎ বিল থেকে অন্যান্য খরচ বাড়ছে, তাতে আমাদের আর প্রতিষ্ঠান চালানো সম্ভব হচ্ছে না। তাই সরকারের কাছে এ প্রস্তাব পাঠিয়েছি। আমরা চাই সরকার আমাদের পানির দাম বাড়ানোর অনুমতি দিক অথবা বছরে অতিরিক্ত দুই কোটি টাকা দিক।’ তিনি আরও বলেন, ‘প্রতিবছর মুদ্রাস্ফীতি হয় গড়ে ১০ শতাংশ। আমরা পানির দাম বাড়াতে পারি ৫ শতাংশ। এক বছরে কেবল বিদ্যুতের দামই তিন কোটি টাকা বেড়েছে।’ ওয়াসা সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি হাজার লিটার পানির উৎপাদন খরচ পড়ে ১৬ টাকা ৫৯ পয়সা। আর প্রতি হাজার পানির গড় বিক্রয়মূল্য সাত টাকা ৪১ পয়সা। এতে ঘাটতির পরিমাণ নয় টাকা ১৮ পয়সা। চট্টগ্রাম ওয়াসার আয় থেকে কোনোভাবেই এ ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়।