চট্টগ্রাম ওয়াসায় এক প্রকল্পের টাকা সরিয়ে অন্য প্রকল্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার একাধিক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে সরানো হয়েছে। এ ছাড়া প্রকল্পের টাকা স্থায়ী আমানত হিসেবে রাখা হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে। এভাবে অর্থ সরিয়ে এবং ব্যাংকে বিনিয়োগ করে ওয়াসার শীর্ষস্থানীয় কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অথচ প্রকল্পের টাকা শেষ পর্যন্ত খরচ করতে না পারলে তা ফেরত যায় সরকারের কাছে। আটকে থাকে উন্নয়নকাজ।২০১১ সালের ২০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয় চট্টগ্রাম ওয়াসাকে। তাতে স্পষ্টভাবে বলা হয়, প্রকল্পের ব্যয় নির্বাহ ছাড়া অন্য কোনো খাতে প্রকল্পের টাকা ব্যয় বা স্থানান্তর করা যাবে না। অথচ এ নির্দেশ অমান্য করে এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে স্থানান্তর করা হয়েছে। বিনিয়োগও করা হয়েছে ব্যাংকে। ওয়াসা সূত্রে জানা যায়, ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প’ থেকে গত ৭ জুন দেড় কোটি টাকা ‘জরুরি পানি সরবরাহ প্রকল্পে’ স্থানান্তর করা হয়। ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নতিসাধন প্রকল্প’র (সিডব্লিউএসআইএসপি) পাঁচ কোটি টাকা গত ১৫ এপ্রিল কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পে স্থানান্তর করা হয়।‘জরুরি পানি সরবরাহ প্রকল্প’ থেকে বিভিন্ন সময়ে সরানো হয়েছে ১৩ কোটি ২৬ লাখের বেশি টাকা। এর মধ্যে ২০১০ সালের ২৮ জুন ৯২ লাখ টাকা স্থানান্তর করা হয় তৃতীয় অন্তর্বর্তী প্রকল্পে। ২০১১ সালের ১৬ মে প্রায় ৬৬ লাখ টাকা স্থানান্তর করা হয় ‘মোহরা কালুরঘাট পুনর্বাসন প্রকল্পে’।চলতি বছরের ১৯ এপ্রিল ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পে’ স্থানান্তর করা হয় দেড় কোটি টাকা। ২৫ মার্চ দেড় কোটি টাকা রাজস্ব খাতে স্থানান্তর করা হয়।সূত্র জানায়, প্রকল্পের টাকা সরকারি ব্যাংকে স্থায়ী আমানত রাখলে কর্মকর্তাদের কোনো আর্থিক লাভ নেই। কিন্তু বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে নগদ অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, এক কোটি টাকা স্থায়ী আমানত রাখা হলে কোনো কোনো বেসরকারি ব্যাংক ৩০ থেকে ৪০ হাজার টাকা কমিশন দেয়। কর্মকর্তারা এ সুযোগ নিয়ে লাভবান হন। অন্যদিকে এতে করে আটকে যায় প্রকল্পের কাজ।খোঁজ নিয়ে জানা গেছে, ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প’র প্রায় ১০ কোটি টাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাড়ে তিন কোটি টাকা, সাউথইস্ট ব্যাংকে এক কোটি টাকা, এক্সিম ব্যাংকে এক কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকে ৫০ লাখ টাকা রাখা হয়েছে। সরকারি ব্যাংকের মধ্যে কেবল সোনালী ব্যাংকে এক কোটি টাকা রাখা হয়েছে।সরকারি ও বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত রাখার ক্ষেত্রেও অর্থ মন্ত্রণালয়ের বিধিনিষেধ মানা হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, বেসরকারি ব্যাংকে ২৫ শতাংশের বেশি আমানত রাখা যাবে না। কিন্তু রাজস্ব খাতের টাকা থেকে চট্টগ্রাম ওয়াসা বেসরকারি ব্যাংকে রেখেছে ৪৬ শতাংশ। আর সরকারি ব্যাংকে ৭৫ শতাংশ রাখার বিধান রাখা হলেও সেখানে আছে ৫৪ শতাংশ। আবার কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্য কল্যাণ তহবিলের অর্থের মধ্যে ৬৫ শতাংশই রাখা হয়েছে বেসরকারি ব্যাংকে। সরকারি ব্যাংকে মাত্র ৩৫ শতাংশ। এক প্রকল্পের অর্থ অন্য প্রকল্পের নেওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান হিসাবরক্ষক জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মনে করেন, আপনার হাতে টাকা নেই, কিন্তু বন্ধুর কাছে আছে। তার কাছ থেকে সাময়িকভাবে ধার নিলেন। এখানেও বিষয়টি সে রকম।’ এভাবে অর্থ নেওয়ার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধের বিষয়টি স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘এখন আমরা সরকারি নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করছি।’তবে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ দাবি করেন, এক প্রকল্পের টাকা ইচ্ছা করলে অন্য প্রকল্পে নেওয়া যায়। তবে সে ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। প্রকল্পের টাকা ব্যাংকে বিনিয়োগ প্রসঙ্গে ফজলুল্লাহ বলেন, ‘ব্যাংকে টাকা রাখলে তো অনেক লাভ। এসব টাকার সুদ পাওয়া যায়। আমি তো আর টাকা মেরে খাচ্ছি না।’ নীতিমালা না মেনে বেসরকারি ব্যাংকে বেশি টাকা রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘বেসরকারি ব্যাংকে বেশি সুদ দেয়। এ জন্য সব সময় সরকারের সিদ্ধান্ত মানা সম্ভব হয় না।’