চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় কাল হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটক করেছে পুলিশ৷ গতকাল সোমবার বিকেলে নগরের কোতোয়া​িল দেওয়ানবাজার এলাকায় জামায়াতের কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়৷

এদিকে নেতাদের আটকের প্রতিবাদে আগামীকাল বুধবার চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য অঞ্চলে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া আজ মঙ্গলবার থানা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নগর জামায়াতের আমির আহসান উল্লাহ রাতে প্রথম আলোকে বলেন, ‘নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে বুধবার চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য অঞ্চলে হরতালের ডাক দেওয়া হয়েছে।’

গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হওয়া ব্যক্তিদের থানাহাজতে রাখা হয়েছে৷ তাঁদের আজ মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে৷ তবে কাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সেই সিদ্ধান্ত হয়নি৷

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়া​িল জোন) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায়, নাশকতা চালানোর পরিকল্পনা করতে নগর জামায়াতের কার্যালয়ে গোপন বৈঠক করছেন দলের নেতা-কর্মীরা৷ পরে কার্যালয়ের চারপাশ ঘেরাও করে অভিযান চালায় পুলিশ৷ পরে কার্যালয় থেকে নগর জামায়াতের আ​িমরসহ ২১ জনকে আটক করে পুলিশ৷ এ সময় প্রচুরসংখ্যক লিফলেট, পেট্রল, পটাশ ও কাচের বোতল উদ্ধার করা হয়৷

আবদুর রউফ আরও বলেন, ‘শামসুল ইসলাম, নজরুলসহ আটক হওয়াদের বিরুদ্ধে ভাঙচুর, বিস্ফোরক, পুলিশের ওপর হামলার ঘটনায় নগরের বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে৷ এগুলো রাতের মধ্যে যাচাই-বাছাই করে কাল মঙ্গলবার আটক হওয়াদের আদালতে পাঠানো হবে৷’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, আটক হওয়াদের মধ্যে একজন রাজশাহী র‌্যাব কার্যালয়ের সামনে অবস্থিত একটি মসজিদের ইমামও রয়েছেন৷ তিনি জামায়াতের নীতিনির্ধারক বলে জানতে পেরেছে পুলিশ৷