চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পুলিশের বেধড়ক পিটুনির প্রতিবাদে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ ছাত্ররা। এতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় চট্টগ্রাম ও কক্সবাজারগামী শত শত যানবাহন আটকা পড়লে যাত্রীরা দুর্ভোগে পড়ে হয়। পুলিশের পিটুনিতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবিএর গতকালের সব সেমিস্টারের পরীক্ষা স্থগিত করে। এদিকে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ছাত্ররা সড়ক অবরোধ তুলে নেন। পুলিশের পিটুনিতে আহত বিবিএর ষষ্ঠ বর্ষের ছাত্র আবু সুফিয়ান এবং প্রত্যক্ষদর্শী এলএলবি ষষ্ঠ বর্ষের ছাত্র সুভাশীষ চৌধুরী বলেন, গতকাল সকালে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে আসার পথে পটিয়ার খরনা ব্রিজ এলাকায় সড়কের গতিরোধক পার হওয়ার সময় পেছন থেকে কক্সবাজারমুখী ঈগল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে ছাত্ররা সড়কে অবস্থান নিলে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে জড়ো হয়। এ সময় পটিয়া থানার পিএসআই কুতুব উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রদের বেধড়ক পিটুনি দেয়। এতে বিবিএ প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র কামরুল ইসলাম (১৯), একই ক্লাসের সাইফুল ইসলাম (২০), বিবিএ ষষ্ঠ সেমিস্টারের ছাত্র আবু সুফিয়ান (২২), সিএসই সপ্তম সেমিস্টারের ছাত্র মোহামঞ্চদ ইকবাল (২২) গুরুতর আহত হন। এ খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে শত শত ছাত্রছাত্রী চন্দনাইশের কাঞ্চননগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। পটিয়া থানার ওসি মোহামঞ্চদ মফিজ ছাত্রদের পিটুনি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ছাত্ররা ঈগল সার্ভিসের বাস ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার ও চন্দনাইশ থানার ওসি বলেন, পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেন।