জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল বুধবার গাছের গুঁড়ি ফেলে কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ মহাসড়ক ১১ ঘণ্টা অচল করে রাখেন। বিকেল পাঁচটার দিকে গাছ সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে জামায়াত-শিবিরের কর্মীরা কক্সবাজার-টেকনাফ সড়কের (উখিয়া সদর এলাকায়) দুপাশে সৃজিত ১৫টির বেশি বড় বড় গাছ করাত দিয়ে কেটে এবং তিনটি বৈদ্যুতিক খুঁটি রাস্তার ওপর ফেলে রাখেন। এতে সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার কোটবাজার, খরুলিয়া, ঈদগাহ, চকরিয়ার হারবাং ও চট্টগ্রামের সাতকানিয়া, আমিরাবাদসহ বিভিন্ন স্থানেও গাছের গুঁড়ি ফেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল রাখা হয়।
কোটবাজারের ব্যবসায়ী ফরিদ আলম বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে মুখোশধারী শিবিরের কর্মীরা সড়কে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় ২৫-৩০টি অটোরিকশা ও টমটম ভাঙচুর করা হয়। বিভিন্ন অফিস ও দোকানের তিন শতাধিক বৈদ্যুতিক বাতি ভেঙে দিয়ে ভুতুড়ে পরিবেশ তৈরি করেন শিবিরের কর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সড়কের দুপাশের গাছ যারা কেটেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
মহাসড়কের বাংলাবাজার, খরুলিয়া, ঈদগাহ, চিরিঙ্গাসহ বিভিন্ন স্থানে ৪০টির বেশি যানবাহন ভাঙচুর করা হয়।
গতকাল সকাল নয়টার দিকে কক্সবাজার শহরের প্রধান সড়কে ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে শিবিরের কর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। দুপুর ১২টা পর্যন্ত একই স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামানসহ কমপক্ষে ২৫ জন আহত হন। ইটের আঘাতে নুরুজ্জামানের মাথা ফেটে যায়। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, ‘সরকার আবদুল কাদের মোল্লাকে হত্যার চক্রান্ত করছে। এতে কারাবিধিও মানা হচ্ছে না। তাই জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছে।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ বলেন, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মাঠে রয়েছে।
নোয়াখালীতে সড়ক অবরোধ: নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীতে ১৮ দলের অবরোধ ও জামায়াতের ডাকা হরতালে বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন ও গাছ কেটে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, ভোর থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা জেলা শহরের দত্তের হাট, ফকিরপুর, রশিদ কলোনি এলাকায় সড়কের পাশের গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টার দিকে রশিদ কলোনি এলাকায় গাছ সরাতে গেলে পুলিশের সঙ্গে পিকেটারদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ শটগান থেকে পাঁচটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া জেলার চৌমুহনী-ফেনী সড়ক, নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক, সোনাপুর-মান্নান নগর সড়ক, সোনাপুর-চরজব্বার সড়কসহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও গাছ ফেলে সড়ক অবরোধ করেন অবরোধ ও হরতাল-সমর্থকেরা।
পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অবরোধ ও হরতাল পালিত হয়েছে। শহরের রশিদ কলোনিতে পুলিশ পাঁচটি শটগানের গুলি ছুড়েছে। এ ছাড়া অন্য কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি।
সীতাকুণ্ডে আহত ২: সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের ধাওয়ায় দিদারুল আলম (৩১) ও আবদুল আলীম (৩৩) নামের দুই পিকেটার আহত হয়েছেন। পরে র্যাব তাঁদের আটক করে থানায় হস্তান্তর করে। এর আগে বিভিন্ন স্থানে শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটান।