চট্টগ্রাম-কক্সবাজার রুটে দূরপাল্লার বাস বন্ধ
চট্টগ্রাম-কক্সবাজার রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ কোচমালিক সমিতি। গতকাল শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কক্সবাজারগামী পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়ি চট্টগ্রামে এসে যাত্রী ওঠানামা করানোর প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ করে দেয়।পরিবহন মালিক সমিতি সূত্র জানায়, গতকাল দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত ও রিজার্ভ গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়। তবে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন, ইউনিক ও হানিফ এন্টারপ্রাইজের দূরপাল্লার সব গাড়ি বহদ্দারহাটে আটকে দেওয়া হয়। একইভাবে ঢাকাগামী গাড়ি আটকে দেওয়া হয় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া এলাকায়। চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ কোচমালিক সমিতির যুগ্ম সম্পাদক মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী গাড়িগুলোতে চট্টগ্রামে যাত্রী ওঠানামা করানো হয়। ফলে আমাদের গাড়িতে যাত্রী মিলছে না। আমরা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বলেছি, ঢাকার বাস শুধু পর্যটক পরিবহন করবে। চট্টগ্রামের যাত্রীর দিকে তাঁরা হাত বাড়াবে না। প্রশাসন আমাদের দাবিকে সমর্থন দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা শনিবার থেকে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছি।’ বাস আটকে দেওয়ায় ভুক্তভোগী যাত্রী আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আড়াই-তিন ঘণ্টার মধ্যে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে পারি। বিরতিহীন গাড়ি চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে আরও এক-দেড় ঘণ্টা বেশি সময় লাগবে, যাত্রী হিসেবে কেউ তা মেনে নেবে না। কক্সবাজার রুটের মালিক সমিতির সিদ্ধান্ত অযৌক্তিক।’শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক বাবুল খোন্দকার বলেন, ‘আমাদের চারটি গাড়ি আটকে দেওয়া হয়েছে। এতে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন।’ ইউনিক সার্ভিসের ব্যবস্থাপক আহমেদ হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি গাড়ির যাত্রীদের আমরা চট্টগ্রামে নামিয়ে দিতে বাধ্য হয়েছি। আসলে আমরা অসহায় হয়ে পড়েছি।’