চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের ১৯টি রুটে গতকাল রোববার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট উপেক্ষা করে চট্টগ্রাম-কক্সবাজার রুটে কিছু মাইক্রোবাস চলাচলের চেষ্টা করে। এ সময় বাসশ্রমিকেরা পটিয়া এলাকায় অন্তত সাতটি মাইক্রেবাস ভাঙচুর করে। কক্সবাজারে বাসচাপায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।ওই রুটের শাহ আমিন পরিবহনের মালিক আহমদ নবী চৌধুরী বলেন, রোববার রাতের মধ্যে সমস্যার সমাধান না হলে আজ সোমবার চট্টগ্রাম বিভাগ এবং মঙ্গলবার পূর্বাঞ্চলে রুট ধর্মঘটের আওতায় আনা হবে। সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন কক্সবাজার যাচ্ছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আমরা পরবর্তী ঘোষণা করব।’ জানা গেছে, ধর্মঘটের পক্ষে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়ার কেরানীহাট, লোহাগাড়ার আমীরাবাদ ও পদুয়া সড়কে বাসশ্রমিকেরা অবরোধ সৃষ্টি করে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও কেরানীহাট এলাকায় টায়ার জ্বালানো হয়। নগরের বহদ্দারহাট থেকে কয়েকটি মাইক্রোবাস কক্সবাজার যেতে চাইলে বাসের মালিকেরা সেগুলো ভাঙচুর করে।বহদ্দারহাটের মাইক্রোবাস চালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘দূরপাল্লার বাসের মালিকেরা ধর্মঘট ডেকেছেন। আমরা তার সঙ্গে সংশ্লিষ্ট নই। তাই সকালে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিলাম। কিন্তু পটিয়ায় বাসের শ্রমিকেরা মাইক্রোবাসে ভাঙচুর চালায়। বাধ্য হয়ে যাত্রীদের নামিয়ে শহরে ফিরে আসি। শ্রমিকেরা এ সময় আরও কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করে।’ তবে ধর্মঘটী সংগঠনের আহ্বায়ক আবুল কালাম মাইক্রোবাস ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন, কেউ ফায়দা নেওয়ার জন্য এসব ভাঙচুর চালাতে পারে। ধর্মঘট হয়েছে শান্তিপূর্ণভাবে।জানা গেছে, গত ২৫ মার্চ সকালে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় শাহ আমিন পরিবহনের একটি বাসের চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর এবং চালককে মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য মালিকপক্ষ ও নিহত ছাত্রের আত্মীয়রা কক্সবাজার সদর থানায় বৈঠক করেন। শাহ আমিন পরিবহনের মালিক আহমদ নবী দাবি করেন, ‘থানায় বৈঠকে নিহত ব্যক্তির বাবা মামলা না করে বিষয়টি মীমাংসা করতে রাজি হন। কিন্তু ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান থানা থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সালিস বসান। তিনি আমাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন। আমরা তাঁর দাবি করা অর্থ দিতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে তিনি কক্সবাজারে শাহ আমিন পরিবহনের বাস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। তাই গত ২৫ মার্চ থেকে আমরা ভয়ে কক্সবাজারে গাড়ি চলাচল বন্ধ রাখি। নিরাপদে গাড়ি চলাচলের নিশ্চয়তার দাবিতে আমরা আজ (রোববার) পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি।’এ বিষয়ে জানতে কক্সবাজারে মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।