চট্টগ্রাম-কক্সবাজারসহ ১৯ রুটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রাম-কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে ডাকা আগামীকাল সোমবারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের এক বৈঠক হয়। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়।
সংস্কার কাজ না হওয়ায় গত মঙ্গলবার এ ধর্মঘটের ডাক দিয়েছিল চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ রাতে প্রথম আলোকে বলেন, ১৯টি রুটে সংস্কার কাজ না হওয়ায় সোমবার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শুরু করায় এবং দ্রুত কাজ শেষ করা হবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসক আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, মালিক শ্রমিক নেতৃবৃন্দ এবং বিআরটিএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।