চট্টগ্রাম কলেজে বাংলা উৎসব উদ্যাপন
স্মৃতিচারণা, আড্ডা, কবিতা পাঠ ও র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে গতকাল শুক্রবার উদ্যাপিত হয়েছে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজনে দিনব্যাপী বাংলা উৎসব। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কলেজের লিচু বাগানে উৎসবের উদ্বোধন করেন বাংলা উৎসবের আহ্বায়ক ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার, প্রধান সমন্বয়কারী অভীক ওসমান, সদস্যসচিব সৈয়দ উমর ফারুক ও অধ্যাপক ফাউজুল কবির। বাংলা উৎসবের কর্মসূচি ভাগ করা হয় বাংলা সাহিত্যের ধারাবাহিকতায় চর্যাপদ পর্ব, মঙ্গল পর্ব, মাইকেল, রবীন্দ্র-নজরুল পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমি বাংলার গান গাই’ শিরোনামে। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান চর্যাপদ পর্বে সভাপতিত্ব করেন শেখর দস্তিদার। স্বাগত বক্তব্য দেন প্রধান সমন্বয়কারী অভীক ওসমান, সদস্যসচিব সৈয়দ উমর ফারুক, ঘোষণাপত্র পাঠ করেন ফাউজুল কবির। শোকপ্রস্তাব পাঠ করেন হামিদা চৌধুরী। শিরীন আখতার ও মহীবুল আজিজের সঞ্চালনায় উৎসবের স্মৃতিচারণা করেন বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র মোহাম্মদ হোসেন খান, শামসুল আলম, মো. আবুল কাশেম, মাহবুবুল হক ও শিপ্রা দস্তিদার। পরে মঙ্গল পর্ব, মাইকেল, রবীন্দ্র ও নজরুল পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র হয়।