চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীকে পিটিয়েছেন শিবির কর্মীরা!
এক সাধারণ শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে জখম করেছেন চট্টগ্রাম কলেজের ছাত্রশিবিরের কর্মীরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের ছাত্র সংসদ কার্যালয়ের সিঁড়িতে ছাত্রশিবিরের সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে এই সন্ত্রাসী ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত শিক্ষার্থীর নাম তাঁরেক আজিজ। তিনি রসায়ন বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র। তারেক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাক দিয়ে রক্ত ঝরেছে। এ ছাড়া তাঁকে মাথায়ও আঘাত করা হয় বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন তারেক বলেন, ‘দুপুরে আমি দুই সহপাঠী ফয়সাল ও সুমন সংসদের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় জাহাঙ্গীর নামের শিবিরের এক সাথী আমাকে সংসদে যেতে বলেন। আমি যেতে না চাইলে আমার ওপর হামলা করা হয়।’প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল আজিজ, জাহাঙ্গীর ও আরও চার-পাঁচজন মিলে তারেককে পেটান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিবির কর্মীদের হাতে মারধরের শিকার হওয়া ছাত্রটিকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তিনি নাক ও মাথায় আঘাত পেয়েছেন।’ জানতে চাইলে কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, একটি ছেলে মারধরের শিকার হয়েছে। শিবির কর্মীরা মেরেছে বলেও শুনেছি। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।’