চট্টগ্রাম কলেজে সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা ও তাঁর ১৩ অনুসারীকে আসামি করে এই মামলা করেছেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান। 

আসাদুজ্জামান চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের অনুসারী বলে পরিচিত। আজ শুক্রবার দুপুরে চকবাজার থানায় এই মামলা করা হয়।

গত রোববার বহিরাগত যুবকদের নিয়ে চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে নুরুল আজিম ও নুরুল মোস্তফার অনুসারীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনজন। এ ঘটনায় গত সোমবার মামলা করেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও নুরুল মোস্তফার অনুসারী সুভাষ মল্লিক। এতে নুরুল আজিমের অনুসারী মাহমুদুল করিম, জাবেদুল আজম, মনিরসহ ১১ জনকে আসামি করা হয়।

ঘটনার পাঁচ দিন পর মামলা করার বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গড়িমসি করায় মামলা করতে দেরি হয়েছে। আর শিক্ষার্থীদের ওপর হামলা এবং বোমাবাজি করায় নুরুল মোস্তফা ও তাঁর অনুসারী ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৪ আসামির মধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র, বাকিরা বহিরাগত।

চকবাজার থানার কর্তব্যরত কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ছাত্রলীগের এক পক্ষের অভিযোগের বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদের সঙ্গে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।